বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ও তিন মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার মাহিন ওরফে মাহিম নৈয়ব (২৯) কে গ্রেপ্তার করেছে ডিএমপি কলাবাগান থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যম জানিয়েছেন, সোমবার রাত আড়াইটার সময় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাত রাস্তা মোড় হতে গ্রেপ্তার করা হয়।’
কলাবাগান থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৪ দুপুর বেলা সাড়ে ১২টার দিকে অসংখ্য ছাত্র-জনতার বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনের একটি মিছিল পান্থপথ সিগন্যাল হতে গ্রীন লাইফ হাসপাতালের সামনে পৌঁছলে গ্রেপ্তারকৃত মাহিনসহ অন্যান্য সন্ত্রাসীরা পিস্তল, রিভলবার, শটগানসহ বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ সেই আন্দোলনে হামলা করে। তাদের হামলায় কাজী ইয়াদ মাইনুদ্দিনসহ অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় কাজী ইয়াদ মাইনুদ্দিন বাদী হয়ে গত ৭ নভেম্বর ডিএমপির কলাবাগান থানায় একটি মামলা করেন।
থানা সূত্র আরও জানায়, তেজগাঁও শিল্পাঞ্চলের সাত রাস্তা মোড় থেকে মাহিনকে গ্রেপ্তার করে কলাবাগান থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। গ্রেপ্তারকৃত মাহিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কলাবাগান থানায় আরো দুটি মামলা রয়েছে। মাহিনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

