স্পিড ব্রেকারে ঝাঁকুনি, লেগুনা থেকে পড়ে কিশোরের মৃত্যু

স্পিড ব্রেকারে ঝাঁকুনি, লেগুনা থেকে পড়ে কিশোরের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় চলন্ত লেগুনা থেকে পড়ে সাগর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাতে স্পিড ব্রেকার পার হওয়ার সময় ঝাঁকুনিতে লেগুনার পেছনে ঝুলে থাকা সাগর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সাগরকে মৃত ঘোষণা করা হয়।

নিহত সাগর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের ১৬ তলা ভবনের পাশের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকত। তার বাবার নাম ফিরোজ।

সাগরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. ইব্রাহিম জানান, সাগর আগে বিভিন্ন সময় হেলপার ও অটোরিকশা চালানোর কাজ করত। বর্তমানে সে বেকার ছিল। দুর্ঘটনার শিকার লেগুনার চালক রিফাত তার বন্ধু।

ইব্রাহিমের ভাষ্য, সাগর লেগুনাটির পেছনে ঝুলে বাসার দিকে যাচ্ছিল। পথে স্পিড ব্রেকার পার হওয়ার সময় ঝাঁকুনিতে সে নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং রক্তাক্ত জখম হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাগরের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন