আস-সুন্নাহ ইনস্টিটিউট

লাখো বেকারের আস্থার ঠিকানা

লাখো বেকারের আস্থার ঠিকানা

রাজধানী ঢাকার বাড্ডা সাতারকুলে স্বদেশ প্রপার্টিসে স্বগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে আছে ৪৫ হাজার বর্গফুটের একটি বিশাল শেড। এই শেড এখন হয়ে উঠেছে লাখ লাখ বেকার তরুণের স্বপ্ন বিনির্মাণের ঠিকানা। আস-সুন্নাহ ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান ‘আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’-এর প্রধান কেন্দ্র এটি।

বেকার তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠানটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত এই ইনস্টিটিউটে বর্তমানে আটটি কোর্স চালু রয়েছে। প্রশিক্ষণার্থীদের আর্থিক অবস্থা বিবেচনা করে আবাসিক এই কোর্সগুলোতে আবাসনে শতভাগ এবং টিউশন ফিতে ৮০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়।

বিজ্ঞাপন

স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স

এ দেশে এমন অসংখ্য তরুণ আছে, যারা কম্পিউটার সম্পর্কে টুকটাক ধারণা রাখে। কিন্তু যত্ন, পরিবেশ ও সুযোগের অভাবে তারা কম্পিউটারে দক্ষ হয়ে কর্মজীবনে ঢুকতে পারে না। তাদের জন্যই এই কোর্স। কোর্সটিতে মাইক্রোসফট অফিস, তাত্ত্বিক ও ব্যবহারিক অ্যাকাউন্টিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইংরেজি ভাষা, করপোরেট ম্যানার্স অ্যান্ড এটিকেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এরই মধ্যে এই কোর্সের ১৯টি ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে।

আর্ট অব সেলস অ্যান্ড মার্কেটিং

মার্কেটিংয়ে দক্ষ, অভিজ্ঞ ও বিশ্বস্ত জনবল তৈরি এবং ব্যবসায়িক ও অর্থনৈতিক খাতে উন্নতি সাধনের জন্য ইনস্টিটিউটটি নিয়ে এসেছে আর্ট অব সেলস অ্যান্ড মার্কেটিং কোর্স। কোর্সটিতে বিক্রয় কৌশল, যোগাযোগ ও সম্পর্ক স্থাপন, বিপণন ও বাজারজাতকরণ কৌশল, কর্মক্ষেত্রে আচরণবিধি, সেবা বিপণন অভিজ্ঞতা, ব্র্যান্ডিং ইত্যাদি বিষয় শেখানো হয়।

স্মার্ট টেইলারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন কোর্স

অসহায় ও অবলম্বনহীন নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চালু করা হয়েছে এই কোর্স। এখানে টেইলারিং, টাই-ডাই, ব্লক-বাটিক, হ্যান্ড এমব্রয়ডারি অ্যান্ড ক্রাফটিং, বেসিক ফ্যাশন ডিজাইন, বেসিক বিজনেস ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এরই মধ্যে এই কোর্সের পাঁচটি ব্যাচের ২১৪ জন নারীকে তিন মাসের আবাসিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জুতা শিল্পে উদ্যোক্তা তৈরি কোর্স

এই কোর্সের মাধ্যমে দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে এখন ২৩ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে। তারা শিখছে উন্নতমানের জুতা তৈরির কলাকৌশল, বাজার বিশ্লেষণ এবং ব্র্যান্ড গঠনের সঠিক ধাপ। কর্তৃপক্ষের আশা, প্রশিক্ষণ শেষে তারা সফল ক্যারিয়ার বা ব্যবসা শুরু করতে সক্ষম হবেন।

শেফ ট্রেনিং অ্যান্ড কিচেন ম্যানেজমেন্ট কোর্স

বিশ্ববাজারে বাড়ছে দক্ষ শেফদের ব্যাপক চাহিদা। এই চাহিদার বিষয়টি মাথায় রেখে চালু হয়েছে কোর্সটি। তিন মাস মেয়াদি এই কোর্সের প্রথম ব্যাচে ভর্তি হয়েছে ১৮ জন স্বপ্নবান তরুণ, যারা শেফ ও কিচেন ম্যানেজমেন্ট সেক্টরে সাফল্যের চূড়ায় উঠতে চান। আস-সুন্নাহর অভিজ্ঞ প্রশিক্ষকদের হাতে চলছে তাদের নিবিড় প্রশিক্ষণ। শেফ ট্রেনিং এটি আস-সুন্নাহর বর্ণিল মুকুটে নতুন পালক।

আস-সুন্নাহ গুলজার বাহার খানম ড্রাইভিং স্কুল

দক্ষ ও সৎ ড্রাইভারের ব্যাপক চাহিদা রয়েছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে। কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ ও সৎ ড্রাইভার তৈরির লক্ষ্যে চালু হয়েছে আস-সুন্নাহ ড্রাইভিং স্কুল। এখানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধিত পেশাদার ও অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে অটো ও ম্যানুয়াল গাড়ি চালানো শেখানো হয়। এরই মধ্যে প্রথম ব্যাচের ২৪ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

ওয়েব ডেভেলপমেন্ট কোর্স

দেশের শিক্ষিত বেকার যুবকদের ওয়েব ডেভেলপার হিসেবে গড়ে তুলতে চালু হয়েছে এই কোর্স। চার মাসব্যাপী অনলাইনে প্রশিক্ষণ দেওয়ার পর তিন মাসের আবাসিক কোর্সের মাধ্যমে তাদের দক্ষ হিসেবে গড়ে তোলা হয়। ইতোমধ্যে প্রথম ব্যাচে ১০ হাজার ৯৬২ জনকে অনলাইনে বেসিক ওয়েব ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মধ্যে থেকে বাছাই করে ৪২ জনকে তিন মাসের আবাসিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দ্বিতীয় ব্যাচে ৮৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিডারশিপ কোর্স

ভাষাগত দক্ষতা ও নেতৃত্বগুণ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের বিকশিত করা এই কোর্সের মূল লক্ষ্য। বাংলা, আরবি, ইংরেজি—এই তিন ভাষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা হয়। নেতৃত্বে দক্ষতা, করপোরেট ম্যানার অ্যান্ড বিহেভিয়ার, বেসিক কম্পিউটার স্কিল, জেনারেটিভ এআই ও ভবিষ্যৎ দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এই কোর্সের বিষয়বস্তু। এক বছর মেয়াদি এই কোর্সের প্রথম ব্যাচে ১৬৪ জন প্রশিক্ষণ নিচ্ছেন।

শিগগিরই শুরু হবে যেসব কোর্স

প্রতিষ্ঠানটির পরিসর বাড়ানো ও তাদের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আরো বেশ কিছু ট্রেনিং চালু করতে যাচ্ছে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এর মধ্যে রয়েছে কনটেন্ট ক্রিয়েশন, ইলেকট্রনিক ট্রেনিং, পাম্পিং ও পাইপ ফিটিং, রাজমিস্ত্রি, রড বাইন্ডিং, টাইলস মিস্ত্রি, পেইন্টিং, গার্ডেনিং এবং স্ট্রিট ফুড ট্রেনিং।

জানতে চাইলে ইনস্টিটিউটের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ আমার দেশকে বলেন, ‘বেকারত্ব দেশ, সমাজ ও পরিবারের জন্য বড় একটি সংকট। কেবল দক্ষতার অভাবে অসংখ্য তরুণ-তরুণী পিছিয়ে রয়েছে। সেই সঙ্গে পিছিয়ে আছে দেশের অর্থনীতি, উন্নতি-অগ্রগতিও। অথচ সঠিক প্রশিক্ষণ থাকলে এরাই হতে পারে দেশ ও সমাজের উন্নয়নের সারথি। এ বাস্তবতা উপলব্ধি করেই আমরা ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করেছি। আশা করছি, কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে একটা আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তুলতে পারব, যারা দেশ ও সমাজের উন্নয়নের সারথি। সেই লক্ষ্যে ২০৩০ থেকে প্রতিবছর এক লাখ মানুষকে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রত্যাশা করছি।’

প্রতিষ্ঠানের সংকটের কথা তুলে ধরে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটা হচ্ছে, এই সব ট্রেনিং পরিচালিত হয় ভাড়া জমির ওপর অস্থায়ী শেড থেকে। ফলে প্রতি মাসে ভাড়া বাবদ বড় একটা পরিমাণ অতিরিক্ত খরচ হয়ে যায়। তা ছাড়া বিক্ষিপ্তভাবে সবগুলো কোর্স পরিচালনা করাও একটু কঠিন। যদি আমরা নিজস্ব জমিতে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে পারি, তাহলে আমাদের প্রোডাক্টিভিটি অনেক বেশি বেড়ে যাবে, ইনশা আল্লাহ।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন