আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নন-এমপিও শিক্ষকদের ওপর লাঠিচার্জ-সাউন্ড গ্রেনেড, আহত ৪

স্টাফ রিপোর্টার

নন-এমপিও শিক্ষকদের ওপর লাঠিচার্জ-সাউন্ড গ্রেনেড, আহত ৪

স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে পূর্ব ঘোষিত ‘শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে’ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে চারজন শিক্ষক আহত হয়েছেন। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আসাদুজ্জামান (৪৭), ইকবাল হাসান (৪০), মোস্তাকিম (৪৫) ও বাবু (৩৬)।

শিক্ষকরা বলেন, আমরা দীর্ঘদিন থেকে বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করে আসছি। বর্তমানে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছি। তাদের দাবি— সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে হবে।

বিজ্ঞাপন

আহত আসাদুজ্জামান বলেন, পূর্ব ঘোষিত শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ আমাদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে। পরে আহত অবস্থায় আমাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে।

সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া বলেন, সকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছি। আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার বেলা আড়াইটার সময় শিক্ষা মন্ত্রণালয়ের ঘেরাও কর্মসূচি পূর্ণভাবে পালন করছিলাম। কিন্তু কোনো ধরনের বিনা উস্কানিতে পুলিশ শিক্ষকদের ওপর চড়াও হয়ে লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে আমাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আমি নিজেও আহত হই। শিক্ষকদের এমপিও প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন