ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) টহল ও চেকপোস্ট কার্যক্রম অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
ডিএমপি জানায়, সোমবার (১৮ মার্চ) ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে তিন জন ডাকাত, আট জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, দুই জন চাঁদাবাজ, ১০ জন চোর, ২৭ জন মাদক কারবারি, ৪৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত চারটি চাকু, দুটি চাপাতি, একটি দা, দুটি মোবাইল ফোন, একটি গাড়ি, একটি অটোরিকশা ও নগদ ১১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে এক হাজার ৬১৩ পিস ইয়াবা, দুই পুরিয়া হেরোইন ও দুই কেজি ৯৯০ গ্রাম গাঁজা।
গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৪টি মামলা রুজু করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

