ছিনতাইকারী সন্দেহ

টঙ্গীতে যুবক হত্যা, উত্তরায় ২ জনকে গণপিটুনি

টঙ্গীতে যুবক হত্যা, উত্তরায় ২ জনকে গণপিটুনি

রাজধানীর অদূরে গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে ওই যুবককে আটক মারধর করে। রাত ১০টার দিকে তার মৃত্যু হলে এলাকার লোকজন লাশ মাছিমপুর এলাকার বালুর মাঠে ফেলে দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

এদিকে রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ফুটওভারব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দিয়েছে পথচারীরা। পরে পুলিশ তাদের উদ্ধার করে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করে। আহত দুই যুবকের নাম বকুল (৪০) ও নাজিম (৩৫)। গতকাল রাত ৯টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনের ফুটওভারব্রিজে ওপরে এ ঘটনা ঘটে।

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহতের ঘটনায় টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে বালুর মাঠ থেকে আমরা নিহত যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। শরীরের গণপিটুনিতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে জনতা ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা করেছে। তবে কে ছিনতাইকারীর কবলে পড়েছিলেন এ বিষয়ে এখনও তথ্য মিলেনি।

উত্তরা বিএনএস সেন্টারের সামনে একটি ফুটওভারব্রিজের ওপর ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে আটক করে পথচারীরা গণপিটুনি দেয়। এক পর্যায়ে তাদের দুই পা রশি দিয়ে বেঁধে উল্টোভাবে ফুটওভারব্রিজের স্টিলের গার্ডারের সঙ্গে ঝুলিয়ে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে উত্তরা পূর্ব থানা পুলিশের একটি টিম গিয়ে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করে।

উত্তরা পূর্ব থানার ওসি শামিম আহমেদ বলেন, আহত দুই যুবকের নাম বকুল (৪০) ও নাজিম (৩৫)। চিকিৎসকরা পুলিশকে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। এদের মধ্যে বকুলের বাসা ভাষানটেকে এবং নাজিমের বাসা বাড্ডায়। তবে তারা ছিনতাইকারী কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি আহতরা ছিনতাই করতে গিয়ে পথচারীদের কাছে ধরা পড়ে। পরে পথচারীরা তাদের প্রধান সড়কের ফুটওভারব্রিজের ওপর নিয়ে গণপিটুনি দেয়। তবে কোথায় ছিনতাই করেছে বা কার সঙ্গে ছিনতাইয়ের ঘটনা ঘটে এমন কাউকে পাওয়া যায়নি।

এদিকে দুই যুবককে ফুটওভারব্রিজের ওপর উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন পথচারী দুই যুবকের পায়ে রশি বেঁধে ফুটওভারব্রিজের ওপরে উল্টো করে ঝুলিয়ে রাখেন। পরে লাঠিসোঁটা দিয়ে তাদের গণপিটুনি দেওয়া হয়। এ সময় তাদের পরনের জামাকাপড় খুলে যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন