বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক ডাকসুর ভিপি, সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র -জনতার সমন্বয়ে জুলাই আগস্টের বিপ্লব ও গণঅভ্যুত্থান হয়েছে।
মঙ্গলবার কেরানীগঞ্জের ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ইব্রাহিম।
আমান উল্লাহ আমান বলেন, ১৬ বছরের আন্দোলনের পরিসমাপ্তি ঘটেছে জুলাই-আগস্ট বিপ্লবে হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দেয়ায়। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি। তাদের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে গড়ে তোলা। তাদের উদ্দেশ্য ছিল,দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা।
তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেশে যে গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়েছে তার ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যত দ্রুত সম্ভব একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করবেন।
আমান উল্লাহ আমান বলেন, ১৯৯১ সালের আগে কেরানীগঞ্জ উপজেলায় গাড়ি চলত না। মাওয়া রোডে,হযরতপুরে, কোন্ডা ইউনিয়নে গাড়ি যেত না। আমরা কোনডা থেকে হযরতপুর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করেছি।
বিএনপির শাসন আমলে জিনজিরা বাবুবাজার ব্রিজ,ওয়াশপুর বসিলা সেতু,আলিপুর ব্রীজসহ চাপরা থেকে আমিনবাজার পর্যন্ত ৮টি ব্রিজ করে আমিনবাজারের সাথে কেরানীগঞ্জের সংযোগ রাস্তা করেছেন বেগম খালেদা জিয়া। ২০১৪ এবং ২০১৮ সালে জনগণ ভোট দিতে পারে নাই। এইবার ভোটে নির্বাচিত হলে কেরানীগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। কেরানীগঞ্জ হবে একটি মডেল শহর। সারা বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী শহর হবে। মডার্ন সিটি হবে কেরানীগঞ্জ।
তিনি আরও বলেন, স্বৈরাচারীর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। এই আন্দোলন করতে যেয়ে ইলিয়াস আলী গুম হয়েছে। চৌধুরী আলম গুম হয়েছে। সুমন গুম হয়েছে। এই ফ্যাসিস্ট সরকার অনেককে খুন করেছে। অনেককে শহীদ করেছে।
তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, এলাকায় যেন কেউ মদ গাঁজা ফেনসিডিলসহ মাদকদ্রব্য বহন ও বিক্রি করতে না পারে, সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। এলাকায় যাতে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, রাহাজানি, জমি দখল না করতে পারে সে দিক সেদিকে এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

