সংসদের প্রথম অধিবেশন

অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিংয়ে ডিএমপির নির্দেশনা

স্টাফ রিপোর্টার

অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিংয়ে ডিএমপির নির্দেশনা

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিংয়ের জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের তিনটি গেট উন্মুক্ত থাকবে। গেটগুলো হলো-মনিপুরী পাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট) ও আসাদগেট (১ নম্বর গেট)। তবে যানজট এড়াতে ও নির্বিঘ্নে প্রবেশ নিশ্চিত করতে আমন্ত্রিতদের মনিপুরী পাড়া গেট এড়িয়ে বকুলতলা গেট ও আসাদগেট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আমন্ত্রণপত্রের সঙ্গে পাঠানো স্টিকার অনুযায়ী নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করতে বলা হয়েছে। এর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা ও শাপলা স্টিকারযুক্ত গাড়ি সংসদ ভবনের অভ্যন্তরে বিভিন্ন স্থানে পার্কিং করতে পারবে। অন্যদিকে বকুল, শিমুল ও শিউলি স্টিকারযুক্ত গাড়িগুলোকে পুরোনো বাণিজ্যমেলা মাঠে পার্কিং করতে হবে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যানবাহনগুলো মানিক মিয়া অ্যাভিনিউয়ের মূল সড়কে সিংগেল লাইনে পার্কিং করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আমন্ত্রিত সবাইকে টানেল রোডে গাড়ি থেকে নেমে সংসদ ভবনে প্রবেশ করতে বলা হয়েছে। টানেল রোডে নামার সময় যত কম সম্ভব সময় নেওয়া এবং চালক বা সঙ্গীয় ব্যক্তিদের গাড়ি থেকে না নামার জন্য অনুরোধ জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...