প্রকাশ্যে আ'লীগের লিফলেট বিতরণে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মান্নার

স্টাফ রিপোর্টার

প্রকাশ্যে আ'লীগের লিফলেট বিতরণে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মান্নার

সম্প্রতি আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগের লোকজন লিফলেট বিতরণ করেছে। তারা দু’দিন যাবৎ প্রতিনিয়ত তা করে যাচ্ছে। কিভাবে করতে পারল তারা? কিন্তু আমাদের পুলিশ প্রশাসন কি করেছে?

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, আমরা দেখলাম আমাদের প্রশাসনের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে বলছেন এরপর কেউ করলে তাকে অ্যারেস্ট করা হবে। তারা তো ঘোষণা দিয়েছে ১৫ দিন আগে, ১৫ দিন ধরে আপনারা কি করলেন? আমাদের অন্তর্বর্তী সরকার এই প্রশাসন এখনো তৈরি করতে পারেনি। আমরা সফলতা কামনা করছি, কিন্তু তারা সফল হতে পারছে না। তারা যদি সফল হতে পারতো, তাহলে এই ঘটনা ঘটতো না।

এসময় মান্না বলেন, যে স্বৈরাচারকে এত কষ্ট করে লড়াই করে ফেলে দিয়েছি, সেই স্বৈরাচারের ভোটের হার এখনো অনেক বেশি। সংখ্যানুপাতিক হারে ভোট হলে তারা অনেক বেশি এগিয়ে থাকবে। তা ছাড়া ওই দল যদি ভোট করবার সুযোগ পায়, তাদের পদত্যাগ বিষয়ে বিতর্ক হতে পারে। কিন্তু সরকার বলছে আমরা নিষিদ্ধ করবো না। নিষিদ্ধ যদি না করেন তাহলে তারা নির্বাচন করবে না কেন।

নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন প্রস্তাবটি খুবই সুন্দর। আমার জন্য বেশি সুন্দর, কিন্তু সমগ্র জাতির জন্য নয়। এতে করে আওয়ামী লীগের যদি ৪০টা এমপি আসে। তারপর আমি এমপি থাকতে পারব কিনা সন্দেহ আছে। তারা বলবে জনগণের রায় আমাদের পক্ষে, তুমি কে? কয়টা ভোট পেয়েছ তুমি? তোমার কয়টা এমপি আছে?

দ্রব্যমূল্যের বিষয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য দিনকে দিন বেড়ে যাচ্ছে, এতদিনেও সরকার কি কিছু করতে পেরেছে? বাস্তবতা মেনে নিতে হবে, শুধু আবেগ দিয়ে চললে আমাদের সমস্যা সমাধান হবে না।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লে. জেনারেল (অব:) আমিনুল করিম প্রমুখ।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...