বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঘরে প্রবেশ করে শরবতের সাথে চেতনানাশক পদার্থ মিশিয়ে অচেতন করে স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে রাজধানীর ডেমরা এলাকায়। ডেমরার হাজীনগর এলাকায় মঙ্গলবার বিকাল ৪টার দিকে প্রবেশ করে প্রতারক চক্রের সদস্য দুই নারী। রাত ৯টার দিকে তারা স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা নিয়ে চলে যান।
খবর পেয়ে দম্পতির আত্মীয় কামরুজ্জামান তাদের উদ্ধার করে মঙ্গলবার রাতে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য তাদের বুধবার দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসেন। বর্তমানে তারা ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, ডেমরার সারুলিয়া হাজীনগর ১৫৩/২২ নম্বর ভবনের বাসিন্দা শহিদুল ইসলাম (৭৭) ও তার স্ত্রী ফিরোজা বেগম (৬৫) বাসা ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। বিজ্ঞাপন দেখে অজ্ঞাতপরিচয় দুই নারী বাসা দেখতে এসে তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে এবং চেতনানাশক মিশ্রিত বেলের শরবত খাওয়ায়।
শরবত পান করার পর শহিদুল ইসলাম, ফিরোজা বেগম এবং তাদের নাতনী ফৌজিয়া আলম অচেতন হয়ে পড়েন। এই সুযোগে প্রতারকরা তাদের গলা ও হাতে থাকা আনুমানিক ৪-৫ ভরি স্বর্ণালঙ্কার এবং আলমারি খুলে টাকা ও কিছু কাপড়চোপড় নিয়ে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দুপুরের পর ডেমরা থেকে দুই নারীসহ তিনজনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাদেরকে মেডিসিন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।’
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে তিনি জানান, বাসা ভাড়ার কথা বলে প্রতারক চক্র ওই তিনজনকে বেলের শরবত খাইয়ে অচেতন করে তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

