রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আহত ব্যবসায়ীর নাম আবুল কালাম (৫০)।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোনাপাড়া ফুডপ্লেক্স বারেক ম্যানশন গলির দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজনরা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা আহত ব্যবসায়ী কালামের ছেলে আল আমিন আব্রান জানান, তার বাবা কোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ‘বন্যা টেলিকম’ নামে একটি দোকানে ফ্লেক্সিলোড ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন। রাতে দোকান বন্ধ করে ব্যাগভর্তি প্রায় ২ লাখ টাকা নিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। বাসার গেটে পৌঁছানো মাত্রই ওত পেতে থাকা ছিনতাইকারীরা পেছন থেকে তাকে লক্ষ্য করে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায়, মুখে এবং ডান কানে এলোপাতাড়ি কোপানো হয়। ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় আবুল কালাম গেটের সামনেই জ্ঞান হারিয়ে ফেলেন। ‘বাবা গেটের সামনে পৌঁছাতেই ওরা আক্রমণ করে। চিৎকার শুনে আমরা দৌড়ে আসার আগেই টাকা নিয়ে ওরা চম্পট দেয়। রক্তে পুরো জায়গা ভিজে গিয়েছিল’-বলেন আহত ব্যবসায়ীর ছেলে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত পৌনে ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও সেলাই শেষে ভোরে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।
শুক্রবার (২৪ এপ্রিল)ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যবসায়ী জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
আহত আবুল কালামের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর থানায়। তার বাবার নাম তোফাজ্জল প্রধান। বর্তমানে তিনি সপরিবারে ডেমরা কোনাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। এ ঘটনায় এলাকায় ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও লুণ্ঠিত টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

