ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হলে আধুনিক কম্পিউটার ল্যাব ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, ই-লাইব্রেরি ব্যবহার এবং বিভিন্ন আইটি ও ক্যারিয়ারভিত্তিক দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরির লক্ষ্যে এ ল্যাব স্থাপন করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে কবি জসীমউদদীন হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ল্যাবটির উদ্বোধন করা হয়। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ এবং ডাকসুর জিএস এস এম ফরহাদ যৌথভাবে ল্যাবটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, কবি জসীমউদদীন হল সংসদের ভিপি উসমান গনী, এজিএস হিজবুল্লাহ আল হিজুলসহ ডাকসু ও হল সংসদের অন্য নেতারা।

ল্যাবটি স্থাপনের সার্বিক বাস্তবায়নে ছিলেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম এবং বাস্তবায়নে সহযোগিতা করে কবি জসীমউদদীন হল সংসদ।

ল্যাবটির কার্যক্রম সম্পর্কে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক কাজ থেকে শুরু করে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্সের ট্রেনিং এবং একই সঙ্গে একটি ই-লাইব্রেরি হিসেবে ল্যাবটি কাজে আসবে।’

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যাতে একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রয়োজনীয় প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ পায়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, প্রতিটি হলের একটি বড় অংশের শিক্ষার্থীর একাডেমিক কাজ করার জন্য ব্যক্তিগত ল্যাপটপ নেই। ফলে প্রয়োজন থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী প্রযুক্তিনির্ভর একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারেন না।

তিনি বলেন, ‘তারা তাদের ব্যক্তিগত একাডেমিক প্রয়োজন মেটানোর পাশাপাশি আইটি ও ক্যারিয়ার-সম্পর্কিত বিভিন্ন দক্ষতা এখান থেকে শিখতে পারবে।’

ল্যাবটি শিক্ষার্থীদের জন্য নিয়মিত ব্যবহারের উপযোগী করে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ। তিনি বলেন, ‘আমরা ল্যাবের সার্বিক তত্ত্বাবধান করব এবং এটিকে আরও বেশি ব্যবহারযোগ্য করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন