আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি (ভারপ্রাপ্ত) কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, জাল টাকা, অজ্ঞানপার্টি, মলমপার্টি এবং ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য মাঠ পর্যায়ে পুলিশের অপারেশনের গতি বাড়ানোর তাগিদ দেন।
বৃহস্পতিবার বিকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, পশুর হাটগুলোর আশপাশে যানজট সৃষ্টি না হয় সেই দিকে লক্ষ্য রেখে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। লঞ্চ ঘাট, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনগুলোতে আরও তৎপরতা বাড়াতে হবে। ফুট পেট্রোল জোরদার করতে হবে। থানা এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে অভিযান পরিচালনা করতে হবে। কোনো অপরাধ যেন থানা এলাকায় সংঘটিত হতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনসহ যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সকল থানার ওসি ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

