রাজধানীর পুরান ঢাকার নারিন্দা কাঁচাবাজার এলাকায় একটি বাসায় এয়ারকন্ডিশনারের (এসি) সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির দেওয়াল ধসে পাশের একটি টিনের ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ধ্বংসস্তূপে চাপা পড়ে এক নারী আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন— মুক্তার ব্যাপারী (৫৫), তার স্ত্রী সেলিনা বেগম (৪৫) এবং তাদের ছেলে সেলিম (৩০)। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধদের মধ্যে মুক্তার ব্যাপারীর শরীরের ২২ শতাংশ, সেলিনা বেগমের ২০ শতাংশ এবং সেলিমের শরীরের ৮০ থেকে ১০০ শতাংশ পুড়ে গেছে। সেলিমের অবস্থা সবচেয়ে সংকটজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুক্তার ব্যাপারী ফ্রিজ ও এয়ারকন্ডিশনারের যন্ত্রাংশ ও সরঞ্জামের ব্যবসার সঙ্গে যুক্ত। তার বাসাতেই ব্যাবসায়িক কিছু মালামাল রাখা ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসায় রাখা এসির গ্যাসভর্তি একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটায়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, বিস্ফোরণের তীব্রতায় বাসাটির দেওয়াল ধসে পাশের একটি বাড়ির টিনশেড ঘরের ওপর পড়ে। এতে ঘরটির টিন চাপা পড়ে ভেঙে যায় এবং ভেতরে থাকা এক নারী আহত হন। তাকেও উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

