ঢাকার কেরাণীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী শারমিনের গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী দুলাল হোসেন দুলু ওরফে জুয়েলকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রোববার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমানের আদালত এ রায় ঘোষণা করে। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ২ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন কেরাণীগঞ্জ থানার পশ্চিম ব্রাহ্মণকিত্তা গ্রামের মৃত হানিফের ছেলে দুলাল হোসেন দুলু ওরফে জুয়েল। খালাস পাওয়া আসামিরা হলেন—হারুন, মোর্শেনা, সুমাইয়া ও রাজু। এছাড়া মামলা চলাকালে জরিনা নামের অপর এক আসামি মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মো. এরশাদ আলম জজ জানান, রায়ে বিচারক নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(ক) ধারায় দুলাল হোসেন দুলুর অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। একই সঙ্গে জরিমানার ২ লাখ টাকা আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্ত ভিকটিমের পরিবারকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে পারিবারিক সম্মতিতে শারমিনের সঙ্গে দুলাল হোসেন দুলুর বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। বিয়ের পর থেকে ২ লাখ টাকা যৌতুকের দাবিতে শারমিনের ওপর নির্যাতন চালিয়ে আসছিল দুলাল ও তার পরিবারের সদস্যরা।
এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর বেলা ১১টা ৩০ মিনিটের দিকে দুলাল তার বসতঘরের ভেতরে শারমিনের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ডাক-চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিভিয়ে তাকে প্রথমে মিটফোর্ড হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শরীরের ৮৫ শতাংশ পোড়া নিয়ে ওই বছরের ৩০ সেপ্টেম্বর রাতে মৃত্যু হয় শারমিনের।
ঘটনার পর শারমিনের মা মোছা: মোমেলা বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি ৬ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষাণা করেন আদালত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


