রাজধানীর যাত্রাবাড়ীতে পাওনা টাকাকে কেন্দ্র করে এক নির্মাণ ঠিকাদারের নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন দিয়া মনি নবনী (২০) নামে এক কলেজছাত্রী। ঘাতক ঠিকাদার মায়ের সামনেই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এই হামলায় দিয়ার মা ও তার আরো দুই ভাই-বোন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় জনতা ঘাতককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।
নিহত দিয়া মনি নবনী বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকার সামাদ মেম্বারের বাড়ির বাসিন্দা। হামলায় আহতরা হলেন- দিয়ার মা নুসরাত জাহান মৌসুমী (৪২), বোন জয়া (১২) ও ভাই মোয়াজ (১৫)। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার দিকে ওই বাড়ির নির্মাণকাজের ঠিকাদার আবু মুসা (৪৫) হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, মা নুসরাত জাহানের চোখের সামনেই দিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ওই হামলাকারী। মায়ের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘাতককে আটক করেন এবং আহতদের উদ্ধার করেন।
আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫৫ মিনিটে দিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর জখম হওয়া মা ও তার দুই সন্তানকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য আনোয়ার খান মডার্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা গাড়িচালক বিল্লাল জানান, আর্থিক লেনদেনের বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ। তিনি বলেন, আবু মুসা গত কয়েক বছর ধরে ওই দশতলা ভবনের নির্মাণকাজের ঠিকাদারি করছিল। কাজ শেষে পাওনা টাকা নিয়ে ঝগড়ার জের ধরেই সে এই নৃশংস হামলা চালায়।
নিহত দিয়ার শ্বশুর সামাদ মেম্বার ওই বাড়ির মালিক। ঘটনার সময় দিয়ার স্বামী নবুউল্লাহ বাড়িতে ছিলেন না। তার ছোট সন্তান অসুস্থ থাকায় তিনি হাসপাতালে অবস্থান করছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত আবু মুসা বর্তমানে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


পারমাণবিক কার্যক্রম ৫ বছর স্থগিত রাখার প্রস্তাব ইরানের