জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমান বাহিনী প্রধান

জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করেছেন। দুই দেশের সঙ্গে সামরিক ও পেশাগত সহযোগিতা জোরদার এবং আধুনিক সামরিক প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে তিনি এ সফর করেন।

বিজ্ঞাপন

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার রাতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্মানির উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান গ্রোব এয়ারক্রাফট এসই-এর আমন্ত্রণে গত ১৮ থেকে ২০ অক্টোবর জার্মানি সফর করেন বিমান বাহিনী প্রধান। এ সময় তিনি দেশটির টুসেনহাউজেন-মাটসিসে অবস্থিত প্রতিষ্ঠানটির উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। পাশাপাশি কারিগরি ও বাণিজ্যিক বিষয়ে কর্ম-অধিবেশনে অংশ নেন এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসব কার্যক্রম বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত গ্রোব উড়োজাহাজের সক্ষমতা ও কার্যকারিতা বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সফরকালে তিনি জার্মানির রোথেনবাখ আন ডেয়ার পেগনিৎজে অবস্থিত ডিহল ডিফেন্সের এমএসএএন উৎপাদন কেন্দ্রও পরিদর্শন করেন। সেখানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এদিকে, চেক প্রজাতন্ত্রের বিমান বাহিনীর কমান্ডার এবং ফিউচার এয়ার ফোর্স কনফারেন্সের চেয়ারম্যানের আমন্ত্রণে গত ২০ থেকে ২৩ অক্টোবর দেশটি সফর করেন বিমান বাহিনী প্রধান। এ সময় তিনি প্রাগে অনুষ্ঠিত ‘ফিউচার এয়ার ফোর্স কনফারেন্স’-এর চতুর্থ আসরে অংশ নেন।

সম্মেলনে আধুনিক যুদ্ধপ্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল বহুমুখী হালকা যুদ্ধবিমান, অত্যাধুনিক প্যাসিভ ও অ্যাকটিভ সেন্সর, ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি, সশস্ত্র চালকবিহীন আকাশযান (ইউএভি) এবং ড্রোন প্রতিরোধী প্রযুক্তির ব্যবহার, পরিচালনা ও প্রশিক্ষণ। এ ছাড়া অংশগ্রহণকারী দেশগুলোর বিমান বাহিনীর বর্তমান ও নিকট ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং সমসাময়িক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়।

আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জার্মানি ও চেক প্রজাতন্ত্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি সামরিক ও পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন