গত কয়েক মাসে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ৯৫ শতাংশের বেশি নিরাপদে গন্তব্যে পৌঁছেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর আনাদোলুর।
রোববার এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ‘অযৌক্তিক আগ্রাসন’ সত্ত্বেও সাম্প্রতিক মাসগুলোতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ৯৫ শতাংশের বেশি জাহাজ নিরাপদে যাতায়াত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, গত গ্রীষ্ম থেকে উপসাগরীয় অঞ্চলের অংশীদার দেশগুলোকে ১৫০ কোটি ব্যারেলের বেশি অপরিশোধিত তেল রপ্তানিতে সহায়তা করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে মার্কিন সেনারা।
হরমুজ প্রণালি পরিদর্শনের সময় সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, উপসাগরীয় অংশীদার ও নৌপরিবহন খাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রয়েছে।
সেন্টকমের দাবি, গত ছয় মাসে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে চলাচলে ৩ হাজারের বেশি বাণিজ্যিক জাহাজকে সহায়তা করেছে মার্কিন বাহিনী। আন্তর্জাতিক নৌপথে আইআরজিসির পেতে রাখা নৌ-মাইন অপসারণের পর এ কার্যক্রম আরও গতি পেয়েছে বলেও জানায় তারা।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরান যুদ্ধের অন্যতম প্রধান বিরোধ এখনো অব্যাহত রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়। যুদ্ধবিরতি এবং চূড়ান্ত শান্তিচুক্তির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও সংঘাতের স্থায়ী নিষ্পত্তি এখনো হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


