১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকসে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন দেশের দ্রুততম মানব ও মানবী। ১০০ মিটারের সোনা জয়ের পর এবার ২০০ মিটারেও সোনা জিতে নিজেদের ‘স্প্রিন্ট ডাবল’ পূর্ণ করেছেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার। এর মধ্যে নারীদের ২০০ মিটারে নিজের আগের রেকর্ড ভেঙে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন অভিজ্ঞ অ্যাথলেট শিরিন।
২০২২ সালের পর আবারও একই প্রতিযোগিতায় ১০০ ও ২০০ মিটারে সোনা জিতে ডাবল পূর্ণ করলেন ইমরানুর রহমান। জাতীয় স্টেডিয়ামে এই ইভেন্টে ২০০ মিটার দূরত্ব পার হতে তার সময় লেগেছে ২১.১৮ সেকেন্ড। এই ইভেন্টে ২১.৬৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন শান্ত কর্মকার এবং ২১.৭৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন রাকিবুল হাসান।
গত বছর এই ২০০ মিটারের ফাইনালে দৌড় শুরু করতেই পেশিতে টান লেগে ট্র্যাকেই পড়ে গিয়েছিলেন ইমরানুর, আর গত মে মাসে মায়ের অসুস্থতার কারণে ইভেন্ট থেকে সরে দাঁড়াতে হয়েছিল তাকে। ফলে দীর্ঘদিনের সেই আক্ষেপ ও ধাক্কা কাটিয়ে এই সোনা জয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। মূলত ট্রেনিংয়ের অংশ হিসেবেই এতে নেমেছিলেন উল্লেখ করে ইমরানুর জানান, রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছাতে পেরে এবং দলের জন্য পদক আনতে পেরে সন্তুষ্ট। এখন তার মূল লক্ষ্য আগামী এপ্রিলে দক্ষিণ এশীয় (এসএ) গেমসে দেশের হয়ে সেরা সাফল্য অর্জন করা।
পুরুষদের সঙ্গে নারীদের স্প্রিন্টেও ছিল জোড়া সাফল্যের আনন্দ। নারীদের ২০০ মিটারে ২৪.৩৫ সেকেন্ড সময় নিয়ে নিজের গড়া রেকর্ড ভেঙে সোনা জিতেছেন শিরিন আক্তার। এর আগে ২০২৪ সালের জাতীয় অ্যাথলেটিকসে তার রেকর্ডটি ছিল ২৪.৬৮ সেকেন্ড। এই ইভেন্টে ২৫.১১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন শরিফা খাতুন এবং ২৫.৩৩ সেকেন্ড নিয়ে তৃতীয় হয়েছেন বর্ষা খাতুন। এর আগে প্রতিযোগিতার প্রথম দিনে ১০০ মিটারের সোনাও নিজেদের ঘরে তুলেছিলেন ইমরানুর ও শিরিন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

