সিদ্ধিরগঞ্জে পথসভা

‎দাবি আদায় করে ঘরে ফিরব: জামায়াত আমির

‎দাবি আদায় করে ঘরে ফিরব: জামায়াত আমির
ছবি: আমার দেশ

গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলের পথসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালে স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছিলেন এ রাস্তায় মনে পড়ে? শহিদদের দাবি পূরণ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। ইনশা-আল্লাহ দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব।

আমরা রাস্তায় নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য, আপনাদের চুলায় গ্যাস ফিরিয়ে দেওয়ার জন্য, আপনাদের ঘরে বিদ্যুৎ ও বাতি জ্বালানোর ব্যবস্থা করার জন্য। এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে, প্রতারণা করছে, ওয়াদা দিয়ে ওয়াদা লঙ্ঘন করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না। ১১ দল আপনাদের পাশে আছে। এই প্রয়াস, এই চেষ্টা আল্লাহ কবুল করবেন, আমরা সফল হব, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ব, ইন-শা-আল্লাহ।

বিজ্ঞাপন

‎এর আগে সকাল থেকে রাজধানীর আশপাশ ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী ও সমর্থকেরা লংমার্চে যোগ দিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল মোড়ে ট্রাক স্ট্যান্ড মাঠে আসেন।‎

‎জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানির সংকট নিরসনসহ ছয় দফা দাবি সামনে রেখে এ কর্মসূচি পালন করছে জোটটি।

‎আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের দাবি আদায় এবং দেশের চলমান সংকট নিরসনে সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এই লংমার্চের আয়োজন করা হয়েছে।

ঢাকা থেকে যাত্রা করে লংমার্চটি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে চট্টগ্রামের লালদীঘি মাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।‎

জোটের নেতারা বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।‎

‎সভায় আরো বক্তব্য দেন ড. কর্নেল অলি আহমেদ, সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ও জামায়াতের নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা মো. আব্দুল জব্বার।

‎নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মমিনুল হক সরকার, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাসউদুর রহমান গিয়াস, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুল কাইয়ুম, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, সেক্রেটারি ইঞ্জিনিয়ার আশিকুর রহমান প্রমুখ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন