আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি, সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ টিম।

শনিবার (২১ মার্চ) রাত আনুমানিক দেড়টায় কক্সবাজার জেলার চকরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম।

ডিবি প্রধান বলেন, গ্রেফতারকৃত আরিফ মাইনুদ্দিন একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করে দাবি করেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দিয়েছে।

এই পদে থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর সমপর্যায়ের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন বলে উল্লেখ করা হয়। এই গেজেট তিনি প্রতারণার উদ্দেশ্যে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যক্তির নিকট প্রেরণ করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করে ব্যবহার করেন।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আরিফ মাইনুদ্দিন গত ১০ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নকল লোগো ও প্যাড ব্যবহার করে একটি ভুয়া গেজেট তৈরি ও প্রচার করেন।

ওই গেজেটে জোরপূর্বক গুমের ভিকটিম পুনর্বাসন হিসেবে তাকে রাষ্ট্রের বিশেষ সম্মানিত ব্যক্তি ঘোষণা করে এককালীন প্রণোদনা, স্থায়ী কর্মসংস্থান এবং স্থায়ী বাসস্থান প্রদানের কথা উল্লেখ করা হয়।

এছাড়া তিনি ‘গুম কল্যাণ ট্রাস্ট’-এর সদস্য সচিব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে নগদ অর্থ হাতিয়ে নেন।

ডিবি, সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ অভিযানে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে আরিফ মাইনুদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গেজেট, প্রধানমন্ত্রীর সাথে ছবি সম্বলিত ভিজিটিং কার্ড ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন