বরিশালে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু

বরিশালে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু

বরিশালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নুসাইফা (১৫ মাস) ও রাইয়ান (১ বছর) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে বরিশালের বিভিন্ন হাসপাতালে ১০৩ জন শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার হাসপাতালে ১৬ হাজার ৫০৬ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫ হাজার ৬৭৬ জন শিশু। এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪০৬ জন শিশু। এছাড়া বরিশালের বিভিন্ন হাসপাতালে সরকারি হিসাবে চিকিৎসাধীন অবস্থায় ৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে বেসরকারি হিসাবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

চিকিৎসকরা জানান, হাম রোগে আক্রান্তদের চিকিৎসায় যাতে কোনো ঘাটতি না থাকে, সেদিকে কঠোর নজরদারি রয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জেলা ও উপজেলায় হামের টিকা কার্যক্রম অব্যাহত আছে।

এ বিষয়ে বরিশাল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মলয় কৃষ্ণ বড়াল আমার দেশ-কে জানান, প্রতিনিয়ত এ হাসপাতালে হামে আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে। টিকা কার্যক্রম শুরু করার পর থেকে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমছে। খুব শিগগিরই হয়তো হামের প্রাদুর্ভাব আরও কমতে পারে বলে জানান তিনি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন