আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অপহৃত শিশু ফুজাইল উদ্ধার, ১৪ ঘণ্টায় গ্রেপ্তার অপহরণকারী

স্টাফ রিপোর্টার

অপহৃত শিশু ফুজাইল উদ্ধার, ১৪ ঘণ্টায় গ্রেপ্তার অপহরণকারী

পবিত্র ঈদের দিন রাজধানীর ব্যস্ততম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে অপহৃত দুই বছরের শিশু কাজী ফুজাইলকে মাত্র ১৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। একই অভিযানে মূল অপহরণকারী এমএম তানভীর (৩৫) গ্রেপ্তার হয়েছে। দ্রুত এই অভিযানে স্বস্তি ফিরেছে শিশুটির পরিবারে।

র‍্যাব জানায়, রোববার (২২ মার্চ) ভোররাতে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীর কাছ থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণে জানা যায়, ঈদ-উল-ফিতর এর দিন (২১ মার্চ) দুপুরে ফুজাইল তার মা ও খালার সঙ্গে অসুস্থ নানাকে দেখতে ঢামেকে যায়। দুপুর ২টা ৫৮ মিনিটের দিকে হঠাৎ করেই শিশুটি নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারে চরম উৎকণ্ঠা দেখা দেয়।

এর কিছুক্ষণ পরই একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে অপহরণকারীরা। শিশুটিকে ফিরিয়ে দিতে তারা সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং অগ্রিম ৫০ হাজার টাকা দিতে চাপ সৃষ্টি করে।

এ ঘটনায় শিশুটির বাবা মো. মাজহারুল ইসলাম শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে র‍্যাব-১০ দ্রুত গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।

শনিবার গভীর রাতে ধলপুর এলাকায় অভিযান চালিয়ে এমএম তানভীরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকেই শিশু ফুজাইলকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, তানভীর পূর্বপরিকল্পিতভাবে হাসপাতাল এলাকা থেকে শিশুটিকে অপহরণ করে। পরে পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। অপহরণের সময় শিশুটি বারবার মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করলে তাকে খেলনা ও খাবার দিয়ে শান্ত রাখার চেষ্টা করা হচ্ছিল।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...