নিকাহ রেজিস্ট্রারদের এলাকা কর্তন না করে বরং নিয়োগকালীন অধিক্ষেত্র ইউনিয়ন ও ওয়ার্ড অবসর সময় পর্যন্ত বহাল রাখার বিধান করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোট।
শনিবার রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স লাউঞ্জে আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনটির নেতারা এই দাবি জানান।
তারা বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার ক্ষমতার অপব্যবহার করে সুশাসন ও মানবিক অধিকার কেড়ে নিয়ে সংবিধান পরিপন্থী কর্মযজ্ঞ করেছে। এ ধরনের আচরণ দেশের মানুষ বিএনপি সরকারের কাছে প্রত্যাশা করে না। তাই পতিত ফ্যাসিস্ট সরকারের মতো নিকাহ রেজিস্ট্রারদের এলাকা কর্তন না করে বরং নিকাহ রেজিস্ট্রারদের নিয়োগকালীন অধিক্ষেত্র ইউনিয়ন ও ওয়ার্ড অবসর সময় পর্যন্ত বহাল থাকবে মর্মে বিধান করতে হবে। পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদের সন্তানদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের বিদ্যমান বিধানটিকে সরাসরি নিয়োগের আইনে পরিনত করার জন্যও সরকারের প্রতি জোরালো দাবি জানানো হয় মতবিনিময় সভায়।
বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় বিভিন্নভাবে আলেম-ওলামাদেরকে হয়রানি করা হয়েছে। বিধিবহির্ভূতভাবে এমপিদের ডিও লেটারের প্রভাবে এবং অর্থের বিনিময়ে স্বয়ং এমপিরা মন্ত্রণালয়ে গিয়ে সরাসরি তদবির করে অনেক ইউনিয়ন দ্বিখণ্ডিত করে নতুন নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দিয়েছে। ফলে আয় রোজগার কমে যাওয়ায় ওই সব এলাকার নিকাহ রেজিস্ট্রাররা অর্থ কষ্টে মানবেতর জীবন যাপন করছে।
সংগঠনের আহবায়ক ও পল্লবী থানা বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী ড. এএসএম কাদের কিবরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের মুখপাত্র কাজী ছাব্বীর, সদস্য সচিব কাজী মোজাম্মেল হোসাইন, যুগ্ম-আহবায়ক কাজী সৈয়দ মো. আবু ছাইদ, কাজী মাছিহুর রহমান এবং সমন্বয়ক কাজী মহিউদ্দিন সাদেক, কাজী মেহেদী হাসান নোমান, কাজী হাফেজ আব্দুজ জাহের, কাজী শামছুদ্দিন, কাজী জসিম উদ্দিন মীর, কাজী ফুয়াদুল ইসলাম ফুয়াদ, কাজী আবুল বাশার, কাজী মাহমুদুল হাসান ফুয়াদ ও কাজী আব্দুর রহমানসহ প্রমুখ বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, তৃণমূল নিকাহ রেজিস্ট্রারদের চারটি সংগঠন- বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদ, বাংলাদেশ ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি এবং বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরাম-এর সমন্বয়ে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোট গঠিত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

