কক্সবাজারে ইনানীতে ‘টুপটুপ’ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার (২৭) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার আশুলিয়ার নিরিবিলি এলাকার বাইতুর রব জামে মসজিদের পাশে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
পরে মরহুমার শেষ ইচ্ছা অনুযায়ী লাশ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তালতলা বেতমোর ইউনিয়নে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাদার কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে গতকাল সকালে কক্সবাজার থেকে মুক্তার লাশ আশুলিয়ায় পৌঁছলে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ।
স্বজনদের অভিযোগ, নিখোঁজদের বিষয়ে বারবার জানানোর পরও যথাযথভাবে তল্লাশি না চালানোয় লাশ উদ্ধারে বিলম্ব হয়েছে। শুরু থেকেই সঠিকভাবে তল্লাশি চালানো হলে হয়তো লাশটি আরো অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হতো।
এ ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন ও মামলায় অন্তর্ভুক্ত ধারাগুলো নিয়েও অসন্তোষ জানিয়েছেন পরিবারের সদস্যরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিত করা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

