লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজ।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও জ্ঞানচর্চায় উৎসাহিত করতে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ।
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান সবুজ, পরিচালনা কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, আব্দুর রব নাসিম, ব্যাংকার আকরাম গণি এবং ডা. আব্দুল বাতেন রোহান।
এ ছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর আবিদা বিন্তি, মো. ইসমাইল হোসেন, মো. আতিকুর রহমান, প্রভাষক ফাতেমা আক্তার, ফাহিম সিদ্দিকি, শরিফুল ইসলামসহ শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয়। শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে নিয়মিত পড়াশোনার পাশাপাশি জ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা প্রয়োজন। এ ধরনের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা তাদের সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি উচ্চশিক্ষায় নিজেদের প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। আনন্দঘন পরিবেশে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

