কক্সবাজারের টেকনাফে পৃথক দু্টি অভিযানে ৫ হাজার পিস ইয়াবা এবং গোলাবারুদসহ বিদেশি রাইফেল উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বুধবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের টেকনাফ থানাধীন দমদমিয়া ১৪ নং ব্রিজসংলগ্ন পাহাড়ে একটি ডাকাত দল অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে বুধবার ভোর ৫টায় ওই এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি জি-৩ রাইফেল (ম্যাগাজিনসহ), দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, ১৩ রাউন্ড তাজা গোলা ও এক লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
অপরদিকে, কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও সাবরাং কর্তৃক গত ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা দামের ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও জব্দকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

