আগামী মাসেই শুরু হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত এই প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিস্তার ঘটাতে সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আগামী মাসেই ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াবে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্যও আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে।
তিনি জানান, দেশের ক্রীড়াবিদদের পেশাদার কাঠামোর আওতায় আনতে ইতোমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও স্বীকৃতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই সংখ্যা বাড়িয়ে ৫০০ জনকে বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন আগামী আগস্ট পর্যন্ত চলবে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রতিযোগিতা শুরু হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এবার প্রথম আসরের ৮টি ইভেন্টের সঙ্গে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হয়ে মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের পরিকল্পনা রয়েছে।
জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৩১০ জন ক্রীড়াবিদকে বিকেএসপিতে দুই মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সেখান থেকে নির্বাচিত সেরা প্রতিভাদের খেলাধুলা ও পড়াশোনার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে।
মাদক ও ডিভাইস আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে মো. আমিনুল হক জানান, পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ গড়ে তোলা হবে। এর মধ্যে চলতি বছরই ১০টি স্পোর্টস ভিলেজের নির্মাণকাজ শুরু হবে। একই সঙ্গে ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোর বিকেএসপিকেও আরও আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।
এছাড়া তৃণমূল পর্যায়ে ক্রীড়া কার্যক্রম জোরদারে ২০১ জন উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে এবং আরও ২৯৪ জন কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

