বেটিং বিতর্কে ইতালির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন পিরলো

বেটিং বিতর্কে ইতালির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন পিরলো

স্পোর্টস ডেস্ক

বিজ্ঞাপন

ইতালি জাতীয় ফুটবল দলের নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন ২০০৬ বিশ্বকাপজয়ী কিংবদন্তি আন্দ্রেয়া পিরলো। কিন্তু আনুষ্ঠানিক নিয়োগের আগেই তাকে ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক। রাশিয়ার বেটিং প্রতিষ্ঠান ফনবেটের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে রাজনৈতিক ও নৈতিক প্রশ্ন ওঠার পর শেষ পর্যন্ত নিজেই ইতালির কোচ হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পিরলো।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলার ‘না’ সিগন্যাল পাওয়ার পর পিরলোকেই প্রধান প্রার্থী হিসেবে বিবেচনা করছিল। তবে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতে কোচিং করার সময় তিনি ফনবেটের বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। সম্প্রতি মস্কোয় প্রতিষ্ঠানটির এক অনুষ্ঠানে তার উপস্থিতি নতুন করে বিতর্ক উসকে দেয়। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রুশ প্রতিষ্ঠানের সঙ্গে এমন সম্পর্ক ইতালির রাজনৈতিক মহল ও ফুটবল প্রশাসনের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়ে।

বিতর্ক চরমে পৌঁছানোর পর ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে পিরলো জানান, তিনি আর ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রার্থী নন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পিরলো লিখেছেন, ‘প্রতিষ্ঠান, ফেডারেশন এবং এর সঙ্গে জড়িত সবার প্রতি সম্মান জানিয়ে আমি এতদিন নীরব থাকাটাই বেছে নিয়েছিলাম। কিন্তু গত রাতে যখন জানতে পারলাম আমি আর ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রার্থী নই, তখন আমার মনে হয়েছে কিছু বিষয় পরিষ্কার করা প্রয়োজন।’

পিরলো আরো দাবি করেন, ফনবেটের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল সম্পূর্ণ বাণিজ্যিক এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক অবস্থান বা বার্তার সম্পর্ক নেই। ইতালির হয়ে ১১৬ ম্যাচ খেলা এই কিংবদন্তি বলেন, জাতীয় দলের দায়িত্ব পাওয়া তার জন্য ছিল বড় সম্মানের বিষয়। তবে ব্যক্তিগত মর্যাদা এবং ইতালিয়ান ফুটবলের স্বার্থেই তিনি এই দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

৪৭ বছর বয়সি পিরলোর কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০২০ সালে জুভেন্টাসে। প্রথম মৌসুমেই তিনি ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ জিতেছিলেন। এরপর তুরস্কের ফাতিহ কারাগুমরুক, ইতালির সাম্পদোরিয়া এবং সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের ইউনাইটেড এফসির দায়িত্ব পালন করেন। দুবাইয়ের ক্লাবটিকে শীর্ষ লিগে উন্নীত করার পরই ইতালির জাতীয় দলের দায়িত্ব পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল।

পিরলোর সরে দাঁড়ানোর ফলে ইতালির নতুন কোচ খোঁজার প্রক্রিয়া আবারও অনিশ্চয়তায় পড়ে গেছে। দেশটির গণমাধ্যমের খবর, এখন রবার্তো মানচিনি ও আন্তোনিও কন্তের নাম নতুন করে আলোচনায় এসেছে। ইতালিয়ান ফুটবল ফেডারেশন দ্রুত নতুন কোচ নিয়োগ দিয়ে দলকে পুনর্গঠনের কাজ শুরু করতে চাইলেও পিরলোকে ঘিরে এই বিতর্ক সেই পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন