নয়াবাজারে গুলিতে যুবদল কর্মী আহত

স্টাফ রিপোর্টার

নয়াবাজারে গুলিতে যুবদল কর্মী আহত

রাজধানীর কোতয়ালী থানাধীন নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তের গুলিতে রাসেল (৩১) নামে এক যুবদল সদস্য আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাতের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

আহত রাসেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তার স্বজনরা তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কে বা কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলার পেছনের কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি।

রাসেলের বাড়ি রাজধানীর শ্যামপুরের আরসিন গেট এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ আলী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় রাসেলকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার স্বজনরা তাকে অন্যত্র নিয়ে যান।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন