রাজধানীর কদমতলীর পোস্তগোলায় ট্রাকচাপায় মো. জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও মো. জাকির হোসেন (৫০) নামে দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জিন্নাত আলীর ছেলে। তিনি কদমতলীর মোহাম্মদবাগের পাকার মাথা এলাকায় থাকতেন। আর জাহাঙ্গীর পোদ্দার পটুয়াখালী সদর উপজেলার শাহআলম পোদ্দারের ছেলে। তিনি নামা শ্যামপুর এলাকায় থাকতেন।
জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতে উঠে যায় একটি ট্রাক। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ভোর ৪টা ২৫ মিনিটে জাহাঙ্গীর পোদ্দারকে মৃত ঘোষণা করেন। জাকির হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার সময় তারা যাত্রীর অপেক্ষায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতে উঠে গেছে একটি ট্রাক।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত জাহাঙ্গীর পোদ্দারের সহকর্মী হৃদয় জানান, দুর্ঘটনায় তিনজন আহত হয়েছিলেন। তাদের মধ্যে দুজন মারা গেছেন। অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


