সাতক্ষীরা থেকে ঢাকায় আসা সোহাগ এক্সপ্রেসের যাত্রীবাহী বাসে স্কুলব্যাগের ভেতর মিলল ১০০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় জাহিদুল ইসলাম (৫১) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভার এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী সোহাগ এক্সপ্রেসের বাসে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের নেতৃত্বে কোতয়ালী সার্কেলের একটি দল বাসটিতে অভিযান চালায়। এ সময় বাসের ডি-৯ নম্বর আসনে বসা জাহিদুল ইসলামের সঙ্গে থাকা একটি স্কুলব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে বিভিন্ন ব্র্যান্ডের ১০০ বোতল ফেনসিডিল।
উদ্ধার করা ফেনসিডিলের মধ্যে ESKUF ব্র্যান্ডের ৭৪ বোতল এবং FAIRDYL ব্র্যান্ডের ২৬ বোতল রয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা ফেনসিডিলের পরিমাণ ১০ লিটার।
ডিএনসি জানিয়েছে, উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসযোগে এসব ফেনসিডিল ঢাকায় আনা হচ্ছিল। তবে মাদকের চালানটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং ঢাকায় কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
জাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


