দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২৪২ জন । এর আগের দিন বৃহস্পতিবার দুজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ৩০৬ জন। এ নিয়ে চলতি মাসের ১৮ দিনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৯০৮ জনে। মৃত্যু হয়েছে ১৪ জনের। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১২ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, ঢাকা বিভাগে ২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫ জন, খুলনা বিভাগে ৪০ জন এবং ময়মনসিংহ বিভাগে ২১ জন ভর্তি হয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় ৯৪ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ১৫ জনের মৃত্যু হয়। এবার ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি দুই হাজার ৪৬৩ জন বরিশাল বিভাগে। এছাড়া এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী রয়েছেন ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

