রাজধানীর হাজারীবাগের একটি ভাড়া বাসা থেকে সাইদুল আমিন সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের (ফাইনাল ইয়ার) শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে হাজারীবাগের মনেশ্বর রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলায় ভাড়া নেওয়া কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের রুমমেট তাকে দরজা খোলার জন্য ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি। পরে বাসার মালিক ও আশপাশের ফ্ল্যাটের সহযোগিতায় দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। রাত ১টা ২৫ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”
হাসপাতালে আসা মৃতের রুমমেট ও চাচা রুহুল আমিন জানান, সীমান্ত নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামের সদরুল আমিনের ছেলে। পড়ালেখার সুবাদে তিনি হাজারীবাগের ওই বাসায় থাকতেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিষাক্ত কিছু পান করে মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
মৃতের চাচা রুহুল আমিন বলেন, “খবর পেয়ে হাসপাতালে এসে সীমান্তের লাশ দেখেছি। কীভাবে ও কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানতে পারিনি।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

