সোনারগাঁও ইউনিভার্সিটি বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ

সোনারগাঁও ইউনিভার্সিটি বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ

যুক্তি, জ্ঞান, বিশ্লেষণ ও বাগ্মিতার চর্চাকে উৎসাহিত করতে গ্লোবাল এন্টারপ্রাইজ টেকনোলজি কোম্পানি (বিটোপিয়া গ্রুপের) সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি বিতর্ক উৎসব-২০২৬। সোনারগাঁও ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের (এসইউডিসি) আয়োজনে এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের মেধা ও যুক্তিবাদী চিন্তাশক্তির অসাধারণ স্বাক্ষর রেখেছেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা ও বিটোপিয়া গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. নাসির। ইউনিভার্সিটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদের সভাপতিত্বে ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই উৎসবে আন্তর্জাতিক বিতর্ক, পাবলিক স্পিকিং এবং কুইজ প্রতিযোগিতাসহ নানা বুদ্ধিবৃত্তিক আয়োজন ছিল। উৎসবের মূল আকর্ষণ ছিল ‘এই সংসদ মনে করে, প্রচলিত শিক্ষার চেয়ে কর্মমুখী শিক্ষা অধিক কার্যকর’—এই বিষয়ের ওপর আয়োজিত গ্র্যান্ড ফাইনাল বিতর্ক। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল শেষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ‘চেকমেট’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং আইন বিভাগের ‘ল-৩১’ দল রানার্সআপ হওয়ার কৃতিত্ব লাভ করে। চ্যাম্পিয়ন ‘চেকমেট’ দলের সদস্য হিসেবে ছিলেন মো. এহতেসাম রাসূল আলিফ, মোছা. তামান্না আক্তার ও মো. মাহমুদুল হাসান মাহিম এবং রানার্সআপ ‘ল-৩১’ দলের সদস্য হিসেবে ছিলেন যুবরাজ পাল, প্রীতম মাহমুদ শিশির ও আহনাফ হাবিব। এছাড়া প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হয়েছেন মো. এহতেসাম রাসূল আলিফ।

সমাপনী পর্বে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ বিজয়ী দলগুলোর জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেন। তিনি জানান, চ্যাম্পিয়ন সিএসই বিভাগের সদস্যদের আগামী সেমিস্টারের টিউশন ফিতে ১০ শতাংশ এবং রানার্সআপ আইন বিভাগের সদস্যদের ৫ শতাংশ ওয়েভার প্রদান করা হবে। এই ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণার সৃষ্টি করে।

অনুষ্ঠান শেষে গ্লোবাল এন্টারপ্রাইজ টেকনোলজি কোম্পানি (বিটোপিয়া গ্রুপের) সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় বিটোপিয়া গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. নাসিরের হাতে সম্মাননা প্রদান করেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান।

এসইউডিসির মডারেটর এবং সাধারণ শিক্ষা বিভাগের শিক্ষক রাছিবুল ইসলাম এই উৎসবের সফল বাস্তবায়নে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, বোর্ড অব ট্রাস্টিজ, স্পন্সর, বিচারকমণ্ডলী, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের যুক্তিনির্ভর, গবেষণাভিত্তিক ও সৃজনশীল চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন