কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন

কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন

বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তিদের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার স্বীকৃতি হিসেবে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। চতুর্থ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-এ প্রতিষ্ঠানটি ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস – এমপ্লয়মেন্ট ফর ডিফারেন্টলি-এবলড ইন্ডিভিজুয়ালস’ ক্যাটাগরিতে উইনার হিসেবে সম্মাননা পেয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বপ্ন জানায়, প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে পরিচালিত উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটি মনে করে, সবার জন্য সমান কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা টেকসই উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।

এ অর্জন প্রসঙ্গে স্বপ্নের পক্ষ থেকে জানানো হয়, এ সম্মাননা প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান, বৈচিত্র্যকে উৎসাহিত করা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। ভবিষ্যতেও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণ এবং নিরাপদ, সম্মানজনক ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রেক্ষাপটে জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এবারের এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে ১৯টি ক্যাটাগরিতে মোট ৪৭২টি মনোনয়ন জমা পড়ে। বিভিন্ন খাতের ২৭ জন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত সাতটি গ্র্যান্ড জুরি প্যানেল বহু-ধাপের মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করে। চতুর্থ আসরে ৩৪টি উদ্যোগ উইনার এবং ২৫টি উদ্যোগ অনারেবল মেনশন সম্মাননা অর্জন করে।

এ ছাড়া, ‘ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার – ফার্ম-টু-শেলফ’ ক্যাটাগরিতেও অনারেবল মেনশন অর্জন করেছে স্বপ্ন, যা কৃষিপণ্য সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং উদ্ভাবনী উদ্যোগে প্রতিষ্ঠানটির ভূমিকার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

স্বপ্ন জানায়, দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা, অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান এবং টেকসই উদ্যোগের মাধ্যমে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যকে সামনে রেখে মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়নে অবদান রাখতে ভবিষ্যতেও বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন