বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
রোববার তিনি আনুষ্ঠানিকভাবে ব্যারাকটির উদ্বোধন করেন। সদস্যদের আবাসন সুবিধা সম্প্রসারণ, জীবনমান উন্নয়ন ও অবকাঠামোগত আধুনিকায়নের অংশ হিসেবে এটি নির্মাণ করা হয়েছে।
আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ব্যারাকটিতে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সদস্যদের দৈনন্দিন প্রয়োজন বিবেচনায় আধুনিক ডাইনিংসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সদর দপ্তরে কর্মরত সদস্যদের জন্য স্বাস্থ্যসম্মত ও উন্নত আবাসন পরিবেশ নিশ্চিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, সদর দপ্তরের সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদি ও পরিকল্পিতভাবে প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। দেশের ভূমির সীমাবদ্ধতা বিবেচনায় প্রতিটি স্থাপনা ও জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। সম্পদের অপচয় ও অপ্রয়োজনীয় বিলাসিতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সদর দপ্তরের সদস্যদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে সম্প্রতি সম্প্রসারিত ভবনে আবাসন সুবিধা চালু করা হয়েছে। এ ছাড়া প্রায় এক হাজার সদস্যের ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক সৈনিক ব্যারাক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত প্রণয়নের কার্যক্রম চলছে।
মহাপরিচালক আরও বলেন, বাহিনীর সদস্যদের মৌলিক অধিকার, আবাসন ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা নেতৃত্বের অন্যতম অঙ্গীকার। অবকাঠামোর স্থায়িত্ব ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ব্যারাকসহ সদর দপ্তরের বিভিন্ন স্থাপনার প্লাম্বিং, বৈদ্যুতিক ব্যবস্থা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন এবং নিয়মিত তদারকির ব্যবস্থা করা হয়েছে।
তিনি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন, আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। সমন্বিত উদ্যোগ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে স্থাপনাগুলোর সুষ্ঠু ব্যবহার এবং উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।
পেশাদারিত্বের বিষয়ে মহাপরিচালক বলেন, সুশৃঙ্খল বাহিনীতে ব্যক্তিস্বার্থ, দায়িত্বে অবহেলা ও অনৈতিক আচরণের কোনো সুযোগ নেই। দায়িত্ব পালনে নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া সদস্যদের যথাযথ মূল্যায়ন করা হবে। অন্যদিকে, দায়িত্বে অবহেলা ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি রাষ্ট্র ও বাহিনীর প্রত্যাশা পূরণে সব কর্মকর্তা, কর্মচারী ও সদস্যকে সততা, নিষ্ঠা, জবাবদিহি ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

