এনআরবিসি ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগদান করেছেন দেশের অভিজ্ঞ ব্যাংকার মো. শাহীন হাওলাদার। ব্যাংকিং খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতা নিয়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
এনআরবিসি ব্যাংকে যোগদানের আগে শাহীন হাওলাদার এনআরবি ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (বিজনেস) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যবসায়িক সম্প্রসারণ, কৌশলগত পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তিনি ১৯৯৫ সালের অক্টোবরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক পিএলসি., মধুমতি ব্যাংক পিএলসি. এবং এনআরবি ব্যাংক পিএলসি.-তে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এসব প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে তিনি ব্যবসায়িক প্রবৃদ্ধি, কৌশলগত উন্নয়ন এবং কার্যকরী উৎকর্ষতায় দক্ষতার পরিচয় দেন।
শাহীন হাওলাদারের রয়েছে করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, কৃষি ও গ্রামীণ ব্যাংকিং, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলস (এডিসি) ও কার্ডস, ট্রানজেকশন ব্যাংকিং, বৈদেশিক রেমিট্যান্স, বিশেষ সম্পদ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য, অফশোর ব্যাংকিং এবং শাখা ব্যাংকিংয়ে বিস্তৃত অভিজ্ঞতা। এছাড়া তিনি চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, চিফ বিজনেস অফিসার, হেড অব বিজনেস এবং হেড অব ব্রাঞ্চেসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।
পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম), প্রজেক্ট ফাইন্যান্স, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এসএমই ফাইন্যান্সিংসহ বিভিন্ন বিষয়ে দেশি-বিদেশি প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
ব্যাংকিং অঙ্গনে পেশাদারিত্ব, ব্যবসায়িক দূরদর্শিতা এবং টেকসই প্রবৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তির প্রতি অঙ্গীকারের জন্য শাহীন হাওলাদার সুপরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেমোগ্রাফিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিষয়ে এমবিএ ডিগ্রিও অর্জন করেছেন।
এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, শাহীন হাওলাদারের অভিজ্ঞ নেতৃত্ব ও কৌশলগত দিকনির্দেশনায় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং গ্রাহকসেবার মান নতুন উচ্চতায় পৌঁছাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


