চট্টগ্রামের উন্নয়নে পাশে আছি ও থাকব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

আমার দেশ অনলাইন

চট্টগ্রামের উন্নয়নে পাশে আছি ও থাকব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম অঞ্চলে বাঙালিসহ ১২টি সম্প্রদায় বাস করে। এরা সকলেই দারুণ ঐক্যবদ্ধ। এটাই চট্টগ্রামের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। রোববার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে অনুষ্ঠিত চট্টগ্রাম সমিতি ঢাকার ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা চট্টগ্রামবাসী সবসময় অত্যন্ত সৌহার্দ্য ও সম্প্রীতির মাঝেই বসবাস করি। দেশের যত ধরণের বৈচিত্র্য- এটা প্রাকৃতিক হোক, সামাজিক হোক, ধর্মীয় হোক বা গোত্রীয় হোক- সকল ধর্ম বর্ণ গোত্রের অপরূপ সম্মিলন হচ্ছে আমাদের চট্টগ্রাম। তিনি চট্টগ্রামকে ইতিহাস, আন্দোলন ও ঐতিহ্যের উল্লেখ করে বলেন, মেজবান বাংলাদেশে পরিচিত করেছে চট্টগ্রাম সমিতি ঢাকা। এরকম ভিন্ন শত পথের মতের হাজার মানুষের এমন সংগঠন আর নেই। বাংলাদেশে এরকম একটা সম্মিলন আর কোথাও দেখা যায় না। এই বন্ধন নষ্ট করা যাবে না। এটা কোনো রাজনৈতিক প্লাটফর্মও নয়।

প্রতিমন্ত্রী বলেন, এটা একটা কাকতালীয় ঘটনা । এই প্রথম বাংলা ভাষাভাষি, বাঙালি হিসেবে কেউ প্রথম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হয়েছে। চট্টগ্রামের মানুষ তাকে সংসদে পাঠিয়েছে যেন চট্টগ্রামকে তুলে ধরতে পারেন উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা এখানে অনেক ধরণের মানুষ আছি। সবাই যদি সকলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই আশা করি ৫ বছরে চট্টগ্রামকে কাঙ্খিত লক্ষ্যে নিতে পারব। চট্টগ্রাম আমার হৃদয়ে আছে। চট্টগ্রাম সমিতিসহ চট্টগ্রামবাসীর উন্নয়নে, চট্টগ্রামের উন্নয়নে আমি পাশে আছি, পাশে থাকব।

অভিষেক অনুষ্ঠানে প্রথম পর্বে বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বিদায়ী সাধারণ সম্পাদক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার মো. নাজিম উদ্দিন চৌধুরী। পরিচিতি পর্ব শেষে সমিতির পতাকা ও চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুন কমিটির সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা, হাসপাতাল কমিটির চেয়ারম্যান মো. দিদারুল আনোয়ার, এনজিও ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া ও নতুন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী, সহ-সভাপতি ইন্জিনিয়ার জয়নাল আবেদীন,যুগ্ন-সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও মোহাম্মদ মনসুর আলী চৌধুরী। এছাড়া সমিতির নব নির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দসহ জীবন সদস্য উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...