বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধি দল। রোববার বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে রিহ্যাব নেতৃবৃন্দ আবাসন খাতকে গতিশীল রাখতে একটি বিশেষ হাউজিং তহবিল গঠন এবং সিঙ্গেল ডিজিট সুদে দীর্ঘমেয়াদি গৃহঋণ সুবিধা চালুর দাবি জানান।
রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, প্রথমবারের মতো ফ্ল্যাট ক্রেতাদের জন্য স্বল্পসুদে ও সহজ শর্তে গৃহঋণ চালু করা গেলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের নিজস্ব আবাসনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে। একই সঙ্গে আবাসন খাতের মাধ্যমে দেশের অর্থনীতিও আরও গতিশীল হবে।
রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, ঢাকাকে কার্যকরভাবে বিকেন্দ্রীকরণ করতে জেলা ও উপজেলা পর্যায়ে পরিকল্পিত আবাসন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে স্বল্পসুদের হাউজিং ঋণ সুবিধা সম্প্রসারণ করা জরুরি। এতে মানুষ রাজধানীর বাইরে বসবাসে আরো আগ্রহী হবে।
প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট আবু খালিদ মো: বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট এ.এফ.এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং পরিচালক তাসনোভা মাহবুব সালাম। তারা পৃথকভাবে আবাসন খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দাবি-দাওয়া গভর্নরের কাছে তুলে ধরেন।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং শিল্পায়নে আবাসন খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, হাউজিং খাতের ঋণ ব্যাংকিং খাতের অন্যতম নিরাপদ (Secure) ঋণ, যার ফলে অন্যান্য অনেক খাতের তুলনায় আবাসন ঋণের সুদের হার তুলনামূলকভাবে কম থাকে। বর্তমানে হাউজিং ঋণের সুদের হার অনেক ক্ষেত্রেই অন্যান্য ঋণের তুলনায় প্রায় ২ শতাংশ পর্যন্ত কম রয়েছে বলেও তিনি জানান।
গভর্নর আরো বলেন, দীর্ঘমেয়াদি আবাসন ঋণের অর্থায়ন নিশ্চিত করতে বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ গ্রহণ সহজতর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত হয়। দেশের আবাসন খাতের টেকসই উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের আবাসন সুবিধা সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


