দেশের তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী এবং কর্মসংস্থান উপযোগী হিসেবে গড়ে তুলতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হলো ‘প্রাইমএকাডেমিয়া এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’।
প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) ও ডিআইইউ ফাইন্যান্স ক্লাবের যৌথ সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নলেজ টাওয়ারের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে মঙ্গলবার এই আয়োজন সম্পন্ন হয়।
শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং ব্যাংকিং খাতের অভিজ্ঞ পেশাজীবীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বগুণ বিকাশ, আর্থিক সাক্ষরতা সম্প্রসারণ এবং অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যকার সম্পর্ককে আরও শক্তিশালী করা।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট মনোয়ারা খাতুন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, রেজিস্টার ড. মোহাম্মদ নাদির বিন আলী এবং ট্রেজারার ড. হামিদুল হক খান।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানের মূল পর্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ব্যাংকিং খাতের শীর্ষ কর্মকর্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একটি ইন্টারেক্টিভ সেশন, যেখানে শিক্ষার্থীরা আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক খাতে ক্যারিয়ার গঠনের বাস্তবধর্মী বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ পান।
এ ছাড়া প্রাইম ব্যাংকের বিশেষজ্ঞদের পরিচালনায় একটি বিশেষ মক ইন্টারভিউ সেশন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা রিয়েল-ওয়ার্ল্ড ইন্টারভিউ ও রিক্রুটমেন্ট প্রক্রিয়ার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। সেশনে অংশগ্রহণকারীদের করপোরেট কমিউনিকেশন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ক্যারিয়ার প্রস্তুতি বিষয়ে মূল্যবান পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে ব্যাংকিং খাতের পেশাজীবীদের সঙ্গে শিক্ষার্থীদের নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি হয়। তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যকার ব্যবধান কমিয়ে কর্মসংস্থানমুখী ইকোসিস্টেম তৈরিতে প্রাইম ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে এই আয়োজনে জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


