গাকৃবিতে ইমপ্যাক্ট চ্যালেঞ্জ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

গাকৃবিতে ইমপ্যাক্ট চ্যালেঞ্জ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও বাস্তব সমস্যার ডিজিটাল সমাধান খুঁজে বের করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) আইটি সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী আইডিয়া-ভিত্তিক ইমপ্যাক্ট চ্যালেঞ্জ প্রতিযোগিতা।

দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৫৩টি দল এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি, উদ্ভাবন ও সমস্যা সমাধানমুখী চিন্তার ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন এই প্রতিযোগিতা। প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত সেরা ৫টি দল গত সোমবার গাকৃবির পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে।

বিজ্ঞাপন

এর মধ্যে দুইটি দল ভার্চুয়ালি অংশ নিয়ে সফলভাবে তাদের পিচ সম্পন্ন করে। প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে গাকৃবির টিম ভলটিক্স চ্যাম্পিয়ন ও ফোকাস ইনোভেটর রানার-আপ এবং বাকৃবি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ সমন্বয়ে গঠিত টিম ফিনিক্স দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন গাকৃবির পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, ড. সাত্ত্বিকেশ পাল ও বি.এম. রোকনুজ্জামান লাভা।

প্রতিযোগিতার অংশ হিসেবে আয়োজন করা হয় সকলের জন্য উদ্ভাবন ও টেকনোলজি শীর্ষক একটি প্রাণবন্ত প্যানেল আলোচনা। আলোচনায় প্রযুক্তির সহজলভ্যতা, সামাজিক প্রয়োগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ড. হুমায়ুন কবির, ড. সাত্ত্বিকেশ পাল, বি.এম. রোকনুজ্জামান লাভা ও মাহমুদ আল হাসান বিভোর।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আইটি সোসাইটির সাধারণ সম্পাদক রুদ্রনীল মণ্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

এসময় প্রধান অতিথি বলেন, আধুনিক বিশ্বের জটিল সমস্যা মোকাবিলায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের বিকল্প নেই। শিক্ষার্থীদের এমন সৃজনশীল উদ্যোগ ভবিষ্যতের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক্ষেত্রে তিনি প্রিসিশন এগ্রিকালচারসহ কৃষির সকল ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। তিনি ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক ড. মোহাম্মদ শরিফ রায়হান। পরে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন ভাইস-চ্যান্সেলরসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আয়োজকরা জানান, ইমপ্যাক্ট চ্যালেঞ্জ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা প্রযুক্তিকে ব্যবহার করে বাস্তব জীবনের সমস্যার কার্যকর সমাধান ভাবতে শেখে। এই উদ্যোগ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, ডিজিটাল সচেতনতা ও সমস্যা সমাধানে দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাকৃবি আইটি সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন