বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট))-এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের লেভেল–১/টার্ম–১-এর নবাগত শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।
সভায় সভাপতিত্ব করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের তিনি অভিনন্দন জানান। তিনি বলেন, “দেশের শিক্ষিত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে আমরা কাজ করছি। এ ক্ষেত্রে আজকের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি মাহ্দী আমিন বলেন, সরকারের লক্ষ্য এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যা শিক্ষার্থীদের দক্ষ, কর্মবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে। তিনি বলেন, “জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে বাস্তব জীবনের জন্য উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।”
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কঠিন ভর্তি প্রক্রিয়া অতিক্রম করে তারা বুয়েটে স্থান পেয়েছে, এখন সেই সুযোগের যথাযথ ব্যবহার করতে হবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষাজীবন সম্পন্ন করার পাশাপাশি শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান এবং বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি দেশের প্রতি দায়িত্ববোধ বজায় রাখার কথা উল্লেখ করেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী বলেন, বুয়েটে ভর্তি হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে এবং তারা এখন প্রতিষ্ঠানটির প্রতিনিধিত্ব করছে। তাই দেশের প্রতি তাদের দায়িত্ব আরও বেড়ে গেছে।
অনুষ্ঠানে রেজিস্ট্রার অধ্যাপক ড. নায়েব মো. গোলাম জাকারিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য ও সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ।
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


