করপোরেট সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ ২৫তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি। ২০২৫ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
গত ২৮ নভেম্বর রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) প্রবীর চন্দ্র দাস, এফসিএ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, এফসিএ।
দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) দেশের পেশাজীবী হিসাববিদদের জাতীয় সংস্থা। প্রতিষ্ঠানটি প্রতিবছর বিভিন্ন প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদনের মান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও করপোরেট সুশাসনের মূল্যায়নের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করে।
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের জন্য এ অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, দেশের জীবনবীমা খাতে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে তৃতীয়বারের মতো মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড অর্জন করেছে কোম্পানিটি।
এ পুরস্কার অর্জনের মধ্য দিয়ে আর্থিক প্রতিবেদন প্রকাশে স্বচ্ছতা, জবাবদিহিতা ও করপোরেট সুশাসন প্রতিষ্ঠায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের অঙ্গীকারের স্বীকৃতি মিলেছে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


