ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি
বাঁ থেকে রিয়াদ মাহমুদ, মো: আইয়ুব আলী ও মাহফুজুর রহমান।

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। রোববার ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাদের তিনজনকেই কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়।

সম্প্রতি জেলায় দিনভর দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে। এসব তাণ্ডবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতেই ধারাবাহিকভাবে এসব বদলির পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন