এক দশক আগে রাজধানীর সিদ্দিক বাজারে ছিনতাইয়ের পর মুদি দোকানি আব্দুল কুদ্দুস হত্যা মামলায় মাসুম মিয়া ওরফে কালু নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে সাজার পাশাপাশি মাসুমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেন বিচারক।
বুধবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৬-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পীর আদালত এ রায় ঘোষণা করেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি ইউনুস মিয়াকে খালাস দেওয়া হয়। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
রায় ঘোষণার আগে দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। পরে দণ্ডিত আসামি মাসুমকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, কামরাঙ্গীরচরের মুদি দোকানি আব্দুল কুদ্দুস ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ীর গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রিকশায় করে বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। ভোর সাড়ে ৫টার দিকে বংশাল থানার সিদ্দিক বাজার এলাকায় পৌঁছালে দুই ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। তারা কুদ্দুসকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে কুদ্দুসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কুদ্দুসের চাচাতো ভাই মো. কামাল হোসেন ওইদিনই বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত শেষে ২০১৬ সালের ১০ নভেম্বর দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন বংশাল থানার উপপরিদর্শক মো. শহীদুল ইসলাম। এরপর ২০১৭ সালের ৭ মার্চ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করলে বিচার শুরু হয়। বিচার চলাকালে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


