গুম-খুনের অভিযোগে জিয়াউল-তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

গুম-খুনের অভিযোগে জিয়াউল-তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আওয়ামী লীগের দেড় দশকের দুঃশাসনের সময় বিএনপি নেতাদের গুম-খুনের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদকে আগামী ১০ আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেয়। প্যানেলের অন্য সদস্যরা হলেনÑ বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম, প্রসিকিউটর ফারুক আহাম্মদসহ অন্যরা।

শুনানিতে প্রসিকিউটর মাহদী এই দুই মামলার অগ্রগতি তুলে ধরে জিয়াউল ও তারেকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন জানান। পরে আবেদন মঞ্জুর করে আগামী ১০ আগস্ট হাজিরের নির্দেশ দেয় আদালত। বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন সাবেক এই দুই সেনা কর্মকর্তা।

প্রসিকিউশন সূ্ত্রে জানা যায়, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বিচারবহির্ভূত হত্যা করা হয়। একই বছরের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামে বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুম করা হয়। এসব ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলমান রয়েছে। এরই মধ্যে জিয়াউল আহসান ও তারেক সাঈদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন