দীর্ঘ ১৭ বছরে অবৈধ মাদক ব্যবসার প্রায় সোয়া পাঁচ কোটি টাকা ব্যাংকে জমা করেছেন একই পরিবারের সদস্যরা। বাবা, তিন মেয়ে, দুই জামাই ও এক পুত্রবধূ—সাত সদস্যের এই চক্রের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মামলাটি দায়ের করা হয়েছে গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় ।
অনুসন্ধানে উঠে এসেছে, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে চক্রটি তাদের ব্যাংক হিসাবে মোট ৫ কোটি ১৭ লাখ ২৭ হাজার ৩৭৭ টাকা লেনদেন করেছে। চক্রটির নেতৃত্বে রয়েছেন তিন বোন—মোসা. আসমা (৪৩), রেশমা খাতুন (৩৯) ও লিজা বেগম ওরফে লিপি আক্তার (৩১) ।
অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুরের বাসিন্দা এই তিন বোন গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলে। তাদের সঙ্গে যোগ দেন পিতা মো. আব্দুল আওয়াল (৬৫), বোন আসমার স্বামী মো. মানিক মিয়া (৩৬), লিজার স্বামী মো. কামাল উদ্দিন (৩৩) এবং ভাবি (পুত্রবধূ) জাহানারা বেগম (৩৩) ।
চক্রটি দেশের বিভিন্ন জেলা থেকে কৌশলে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। স্থানীয় বহনকারীদের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হতো। সিআইডির অনুসন্ধানে প্রাথমিকভাবে অভিযুক্তদের নামে ৭৯ লাখ ৭৩ হাজার টাকার জমি ক্রয়ের তথ্য পাওয়া গেছে। বাকি অর্থ মাদক ক্রয় ও বিলাসবহুল জীবনযাপনে ব্যয় করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।
অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সিআইডি সূত্রে জানা যায়—রেশমা খাতুনের বিরুদ্ধে ১০টি মামলা, লিজা বেগমের বিরুদ্ধে ৭টি মামলা, মো. মানিক মিয়ার বিরুদ্ধে ৫টি মামলা, মোসা. আসমার বিরুদ্ধে ৩টি মামলা। এছাড়া মো. আব্দুল আওয়ালের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা এবং মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে ।
মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫) অনুযায়ী, “অবৈধ মাদক ও নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা” মানিলন্ডারিং অপরাধের একটি সম্পৃক্ত অপরাধ। বর্তমানে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মামলাটির তদন্ত করছে । সিআইডি জানিয়েছে, অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাতনামা অন্যান্য সদস্যদের শনাক্তকরণ ও অন্যান্য আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

