সিকেডি হাসপাতালে চাঁদাবাজি

সাবেক যুবদল নেতা মঈন ৫ লাখ টাকা চেয়েছিলেন

আমার দেশ অনলাইন

সাবেক যুবদল নেতা মঈন ৫ লাখ টাকা চেয়েছিলেন
ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত মঈন উদ্দিন ৫ লাখ টাকা দাবি করেছিলেন বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ।

সোমবার বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্‌যাপনে র‍্যাবের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে রমনা পার্কে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

র‍্যাবের মহাপরিচালক বলেন, অভিযুক্ত মঈন ৫ লাখ টাকা দাবি করেন। চাঁদা না দেওয়ায় হুমকি দেন এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন তিনি। মামলার পর মঈনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

এদিন সকালে এক খুদেবার্তায় র‍্যাব জানায়, সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঈন ছাড়া গ্রেপ্তার বাকি আসামিরা হলেন সুমন, লিটন, মো. ফালান মিয়া, মো. রুবেল, মো. স্বপন কাজী এবং মো. শাওন হোসেন।

এর আগে সম্প্রতি মানবিক চিকিৎসকখ্যাত ডা. কামরুল ইসলামের ওই হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ ওঠে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনের বিরুদ্ধে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ১০ এপ্রিল রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির হন মঈন উদ্দিন নামের ওই ব্যক্তি। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দিতে দেখা যায় তাকে।

হাসপাতালটি ২ হাজারের বেশি মানুষকে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক ডা. কামরুল ইসলাম মানবিক কাজের স্বীকৃতি হিসেবে দেশে-বিদেশে সমাদৃত। মানবসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...