এগারো বছরের শিশু গৃহকর্মী'কে নির্যাতনের মামলায় কারাবন্দি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক এমডি সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজন জামিন শুনানির জন্য আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।
এর আগে এদিন বিমানের এমডি ও তার স্ত্রীসহ চার আসামির পক্ষে জামিন আবেদন করেন তাদের আইনজীবী জাকির হোসেন। আদালত শুনানির জন্য আগামী রোববার দিন রেখেছে বলে জানান তাদের আইনজীবী।
এদিকে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীর বিচারের দাবিতে সিএমএম আদালতের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সেইভ আওয়ার উইমেন- বাংলাদেশ নামের একটি সংগঠন। মানববন্ধন থেকে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে গত রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে উত্তরার বাসা থেকে সাফিকুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সোমবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। তার আগে ওই দিনই শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করে তার বাবা হোটেল কর্মচারী গোলাম মোস্তফা।
মামলার অভিযোগে বলা হয়, উত্তরা ৯ নম্বর সেক্টরে সাফিকুর রহমানের বাসা। ওই বাসার নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর বাচ্চা দেখাশোনার জন্য অল্প বয়সী মেয়ে খুঁজছিলেন। পরে গোলাম মোস্তফার সঙ্গে তার দেখা হয়।
মেয়ের বিয়েসহ যাবতীয় খরচ বহন করার প্রতিশ্রুতি পেয়ে মোস্তফা গত বছরের জুন মাসে তার মেয়েকে ওই বাসায় কাজে পাঠান। সর্বশেষ গত বছরের ২ নভেম্বর মেয়েকে দেখে ওই বাসায় যান তিনি। এরপর থেকে মেয়েটিকে পরিবারের সঙ্গে আর ‘দেখা করতে দেওয়া হয়নি’ বলে অভিযোগ করা হয়।
সেখানে বলা হয়, ৩১ জানুয়ারি বীথি ফোন করে মোস্তফাকে জানান, তার মেয়ে অসুস্থ। তাকে যেন নিয়ে যাওয়া হয়। পরে মেয়েকে আনতে যান গোলাম মোস্তফা। সন্ধ্যা ৭টার দিকে গোলাম মোস্তফার কাছে মেয়েটিকে বুঝিয়ে দেন বীথি।
মোস্তফা মামলায় উল্লেখ করেন, তখনই তিনি মেয়ের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম দেখতে পান। তার মেয়ে ভালোভাবে কথাও বলতে পারছিল না। কারণ জিজ্ঞাসা করলে বীথি এর ‘সদুত্তর দিতে পারেননি’। এরপর মেয়েকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন মোস্তফা। এসময় মেয়ে তাকে জানায়, ওই বাসায় বিভিন্ন সময়ে তার ওপর নির্যাতন করা হত। তাকে ‘মারধর করার পাশাপাশি খুন্তি গরম করে শরীরে ছেঁকা’ দেওয়া হত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

